বিদ্যুৎ-জ্বালানি সংকট, সংসদের বিশেষ অধিবেশন চায় বিরোধী দল


দেশে যে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে তা নিরসন এবং আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’ রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) জামায়াতে ইসলামীর আমিরের এই চিঠি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পাঠানোর পাশাপাশি অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়কেও দেওয়া হয়েছে বলে রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন গণমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে বার্তাবাহক মারফত চিঠিটি বঙ্গভবনে পাঠানো হয়েছে এবং রিসিভ করা হয়েছে। জামায়াতের প্রচার বিভাগের এক নেতা বলেছেন, এই চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই-মেইলেও পাঠানো হয়েছে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশজুড়ে যে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে সেটি চিঠিতে তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

ইতোমধ্যে রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন। ২৭ অগাস্ট সংসদ অধিবেশন শুরু হবে বিকাল ৩টায় শুরু হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১।

এর আগে ২০ অগাস্ট সংসদ কক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *