ভিনিসিয়ুসকে শেষ আল্টিমেটাম রিয়ালের, ওঁত পেতে আছে আর্সেনাল!


রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়তেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর পরিকল্পনা শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর দাবি, রিয়ালের সঙ্গে সমঝোতা না হলে এমিরেটস স্টেডিয়ামে খেলতে আগ্রহী ভিনিসিয়ুস নিজেও।

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ভিনিসিয়ুসের। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকিতে রয়েছে রিয়াল মাদ্রিদ।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল এখনও আনুষ্ঠানিকভাবে রিয়ালের কাছে কোনো প্রস্তাব দেয়নি। তবে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে লন্ডনের ক্লাবটি। ভিনিসিয়ুস যদি প্রিমিয়ার লিগে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ব্যক্তিগত চুক্তিতে সমঝোতা করতে আর্সেনালের তেমন কোনো সমস্যা হবে না বলেও ধারণা করা হচ্ছে।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আর্তেতা ভিনিসিয়ুসকে ভীষণ পছন্দ করেন। সে যদি চুক্তি নবায়ন না করে, তাহলে আমরা অবশ্যই তাকে দলে নেওয়ার চেষ্টা করব।

অন্যদিকে, ভিনিসিয়ুসকে নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছর কর-পরবর্তী বছরে ২ কোটি ইউরো বেতনের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এছাড়া নতুন চুক্তিতে সাইনিং বা নবায়ন বোনাস যোগ করতেও রাজি হয়নি স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের বার্তা স্পষ্ট-বর্তমান প্রস্তাবই শেষ। এর চেয়ে ভালো আর কোনো অফার দেওয়া হবে না। একই সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ ভিনিসিয়ুসকে জানিয়ে দিয়েছে, যদি তিনি নতুন চুক্তিতে স্বাক্ষর না করেন, তাহলে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই তাকে বিক্রি করে দেওয়া হবে।

রিয়ালের লক্ষ্য, কোনোভাবেই যেন আগামী মৌসুমে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে না পারেন ভিনিসিয়ুস। সেই কারণেই প্রয়োজন হলে চলতি গ্রীষ্মেই তাকে বিক্রি করতে প্রস্তুত লস ব্লাঙ্কোসরা, আর সেই সুযোগ কাজে লাগাতে চায় আর্সেনাল।

এর আগে স্প্যানিশ দৈনিক এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, তিনি ভিনিসিয়ুসকে ধরে রাখতে চান, তবে জোর করে নয়।

পেরেজ বলেন, আমি চাই সে সারাজীবন রিয়ালেই থাকুক। শেষ দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার অবদান অসাধারণ। সে আমাদের ক্লাবের অন্যতম বড় তারকা। কিন্তু যদি সে অন্য কোথাও যেতে চায়, আমি তাকে বাধা দেব না। অর্থ কখনোই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না।

এদিকে দলবদল বাজারে আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে প্রায় ১৩৫ মিলিয়ন ইউরো (অ্যাড-অনসহ) ব্যয়ে দলে ভেড়ানোর আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

শনিবার অসুস্থতার কথা জানিয়ে ক্লাবের অনুশীলনে যোগ দেননি দিয়োমান্দে। ফলে অস্ট্রিয়ায় লাইপজিগের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পেও তার যাওয়ার সম্ভাবনা নেই। এ পরিস্থিতি তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনাকে আরও জোরালো করেছে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *