মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে সোনা-রুপা ছিনতাই
মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে সোনা, রুপা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীদের রডের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে গোপাল পালের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পূর্ব শানবান্দা গ্রামের প্রিয় নাথ শীলের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মৃত বিনোদচন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৫০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাবা-ছেলে পতিত পবন শীল ও প্রবীর কুমার শীল বাড়ি ফিরছিলেন। পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা রড দিয়ে তাদের মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে আনুমানিক ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানান তারা।
এসময় বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও রড দিয়ে আঘাত করে আহত করে। পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ হোসেন জানান, এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী ছিনতাইকারীর সংখ্যা ছিল ৩ থেকে ৪ জন। ঘটনার সময় ওই প্রত্যক্ষদর্শী বাজি ফাটার মতো একটি শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. সজল আলী/এফএ
