রান্না পুড়ে গেলে পোড়া গন্ধ দূর করবেন যেভাবে


রান্না করতে গিয়ে অসাবধানতাবশত প্যান বা কড়ার তলা পুড়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু খাবার চুলা থেকে নামিয়ে ফেললেই বিপদ শেষ হয় না। পোড়া খাবারের গন্ধ দ্রুত রান্নাঘর পেরিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় রুম ফ্রেশনার ব্যবহার করেও সেই গন্ধ ঢাকা যায় না। বরং পোড়া গন্ধের সঙ্গে সুগন্ধি মিশে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই এমন পরিস্থিতিতে গন্ধ ঢাকার বদলে প্রথমে এর উৎস দূর করতে হবে।

প্রথমেই বাতাস চলাচলের ব্যবস্থা করুন

রান্না পুড়ে গেলে প্রথম কাজ হিসেবে রান্নাঘরের জানালা ও দরজা খুলে দিন। এতে ঘরের ভেতরের পোড়া গন্ধযুক্ত বাতাস বাইরে বের হওয়ার সুযোগ পাবে। এক্সহস্ট ফ্যান থাকলে সেটিও চালু করে দিন।

সম্ভব হলে একটি স্ট্যান্ড ফ্যান জানালার দিকে মুখ করে রাখুন। এতে ঘরের ভেতরের গরম ও গন্ধযুক্ত বাতাস দ্রুত বাইরে বের হয়ে যেতে পারে। গন্ধ ছড়িয়ে পড়ার আগেই এই ব্যবস্থা নিলে পুরো বাড়িতে পোড়া গন্ধ আটকে থাকার আশঙ্কা কমে।

পাত্রটি দ্রুত পরিষ্কার করুন

পোড়া গন্ধের অন্যতম প্রধান উৎস হলো পুড়ে যাওয়া পাত্র। তাই গন্ধ কমাতে পাত্র পরিষ্কার করা জরুরি। ভিনিগার বা লেবু এ ক্ষেত্রে কাজে লাগতে পারে।

পাত্রে পানি দিয়ে তাতে কিছুটা ভিনিগার মিশিয়ে অল্প সময় গরম করতে পারেন। ঠান্ডা হওয়ার পর পাত্রটি ভালোভাবে পরিষ্কার করুন। চাইলে পানিতে কয়েক টুকরো লেবু দিয়েও পাত্র পরিষ্কার করা যায়। তবে পাত্রের উপাদান অনুযায়ী পরিষ্কার করার পদ্ধতি বেছে নেওয়া ভালো।

বেকিং সোডায় কমবে গন্ধ

রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছোট বাটিতে বেকিং সোডা রেখে দিতে পারেন। এটি আশপাশের কিছু গন্ধ শোষণ করতে সাহায্য করতে পারে। পাশাপাশি পোড়া পাত্রের দাগ পরিষ্কার করতেও বেকিং সোডা ব্যবহার করা যায়।

সামান্য পানি দিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে পোড়া অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।

খাবার পুড়তে শুরু করলে নেড়ে দেবেন না

খাবার পুড়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারলে সবচেয়ে জরুরি হলো আতঙ্কিত না হওয়া। খাবারটি সঙ্গে সঙ্গে নেড়ে দিলে নিচের পোড়া অংশের সঙ্গে ওপরের ভালো অংশ মিশে যেতে পারে।

বরং পরিষ্কার একটি পাত্র নিয়ে ওপরের ভালো অংশটি ধীরে ধীরে তুলে নিন। তলার পোড়া অংশ যেন নতুন পাত্রে না যায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন।

স্বাদে পোড়া ভাব এলে যা করবেন

ভালো অংশ আলাদা করার পর খাবারের ধরন অনুযায়ী সামান্য পানি যোগ করা যেতে পারে। কিছু পদে অল্প টমেটো, লেবুর রস বা তেঁতুল ব্যবহার করলে স্বাদের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। প্রয়োজনে সামান্য চিনি বা গুড়ও যোগ করা যায়।

গ্রেভি বা মাংসের কিছু পদে অল্প দই, দুধ বা ক্রিম ব্যবহার করলেও পোড়া স্বাদের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে উপকরণ যোগ করার আগে রান্নাটির ধরন বিবেচনা করতে হবে।

ভাত পুড়ে গেলে

ভাতের নিচে লেগে গেলে চটজলদি ওপরের ভালো ভাত আলাদা পাত্রে তুলে নিন। নিচের কালো বা পোড়া অংশ একেবারেই নেড়ে মেশাবেন না। এতে পুরো ভাতেই পোড়া গন্ধ ছড়িয়ে যেতে পারে।

তবে খাবার যদি খুব বেশি পুড়ে যায় এবং তীব্র পোড়া গন্ধ বা স্বাদ পুরো খাবারে ছড়িয়ে পড়ে, সেটি খাওয়ার উপযোগী নাও থাকতে পারে। তাই সম্ভব হলে ভালো অংশটুকুই সংরক্ষণ করুন।

রান্নাঘরে এমন দুর্ঘটনা দক্ষ রাঁধুনিরও হতে পারে। তাই রান্না পুড়ে গেলে গন্ধ ঢাকার চেষ্টা না করে দ্রুত উৎস বের করা, বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং খাবারের ভালো অংশ আলাদা করাই সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: সাউদার্ন লিভিং, ইন্ডিয়া টুডে

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *