এসএসসি: জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল লক্ষ্মীপুর সোসাইটি
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দিতে চক্রান্তে লিপ্ত। এজন্য তরুণ সমাজকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্ত হতে পারব।
তিনি বলেন, অভাব-অনটনে আমরা এই বাংলাদেশ পরিচালনা করছি। একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য এদিকে যথেষ্ট গুরুত্বারোপ করছেন। একটা নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউছুফ এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য কামরুল হাসান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কামরুল হাসান বলেন, আজকের তরুণ মেধাবীরাই আগামীর ভবিষ্যৎ। তরুণরা যেন সমাজ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির দিকনির্দেশনায় লক্ষ্মীপুর সোসাইটি এই অনুষ্ঠানটি আয়োজন করেন।
