ঢাকা থেকে মাইক্রোবাসে চিকিৎসককে অপহরণ, পাওয়া গেল জঙ্গলে
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল। গতকাল বুধবার রাতে পূর্বাচলের ১৯নং সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড রাস্তার পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসচালক তাকে গাড়িতে তুলে নেয়।
কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে তাকে হাত, চোখ, মুখ বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। এ সময় ওই এলাকায় টহল ডিউটিরত আনসারের পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনে দ্রুত শব্দের উৎসের দিকে ছুটে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধার শেষে আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। বিপদের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
টিটি/এমআরএম

