দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ জব্দ


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি টাকা দামের সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিজিবি দিনাজপুর ক্যাম্প, র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

তাদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। এছাড়া, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদরের ছোট গুড়গোলা গ্রামের মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।

বিজিবির দাবি, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। এবার জব্দ করা বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

বিজিবি জানায়, উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। আটকদের গত ১৩ আগস্ট উদ্ধার করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, “অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, মাদক ও মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *