শাহরুখের চোখ খোলার অপেক্ষায় ছিলেন হিনা খান
নামের আগে ‘কিং’ তকমাটা যে স্রেফ তারকাখ্যাতির জন্য নয়, বরং তাঁর সুবিশাল মনের পরিচায়ক—তার প্রমাণ আরও একবার মিলল। বিমানে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের এক অসামান্য অভিজ্ঞতা শেয়ার করে সম্প্রতি বলিউড বাদশার বিনয় ও নম্র আচরণের প্রশংসায় পঞ্চমুখ হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।
রকি জয়সওয়াল, রুবিনা দিলাইক ও অভিনব শুক্লার সঙ্গে একটি পডকাস্টে কথা বলতে গিয়ে সেই পুরনো স্মৃতির ঝাঁপি খোলেন হিনা। ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ মেগা সিরিয়াল দিয়ে পরিচিতি পাওয়ার গোড়ার দিকের কথা। বিমানে উঠে হিনা আবিষ্কার করেন, তাঁর ঠিক পাশের সিটেই ঘুমিয়ে আছেন এসআরকে। ভক্ত হৃদয়ে তখন স্বপ্নের নায়কের সঙ্গে একটি ছবির তীব্র আকুলতা।
শাহরুখ যখন কফি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন, হিনা হাত নেড়ে ছবি তোলার আবদার জানান। জবাবে শাহরুখ স্মিত হেসে বলেন, “একটু অপেক্ষা করো, আমি ছবি তুলব।” কিন্তু কফি শেষ করেই তিনি ফের গভীর ঘুমে তলিয়ে যান। বিমান অবতরণের সময় হিনা ভেবেছিলেন তাঁর ইচ্ছাটি বোধহয় আর পূরণ হলো না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শাহরুখ নিজেই ঘুম থেকে উঠে হিকাকে ডেকে নেন এবং পরম ভালোবাসায় ছবি তোলেন। পরবর্তীতে জানা যায়, সিনেমার প্রমোশন আর একটানা ব্যস্ততায় মারাত্মক পরিশ্রান্ত ছিলেন অভিনেতা, যা পার হয়ে যাওয়ার পর বিমানের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম সত্ত্বেও ভক্তের সম্মান রক্ষা করার এই মানসিকতা হিনাকে গভীরভাবে মুগ্ধ করে।
একই পডকাস্টে রুবিনার স্বামী অভিনব শুক্লাও তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। মডেলিংয়ের শুরুতে ব্যাকস্টেজে শাহরুখের সঙ্গে দেখা হলে, তাঁকে দূর থেকে দেখে নিজেই উঠে দাঁড়িয়ে করমর্দন করেছিলেন বলিউড বাদশা। বিনোদন অঙ্গনে শত ব্যস্ততা ও সাফল্যের চূড়ায় থেকেও শাহরুখ কীভাবে সবার সঙ্গে রাজকীয় সৌজন্য বজায় রাখেন, এই স্মৃতিচারণগুলো তারই উজ্জ্বল প্রমাণ।
সূত্র: সংবাদ প্রতিদিন
বাংলাদেশ জার্নাল/এসআইপি
