হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের অনুসন্ধানে তাদের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতির অভিযোগ থাকায় ফয়সাল ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিষয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ এসেছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

আবেদনটি করেন কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা লেনদেন হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এতে আরও বলা হয়, “অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।”

গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থেকে সহযোগী আলমগীর হোসেনসহ ফয়সালকে গ্রেপ্তার করার কথা জানায় ভারতের পুলিশ। এরপর থেকে তিনি সেখানে আটক রয়েছেন।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী গুলি করে।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এক দফা অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। এরপর থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে যায়।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *