১৪ অস্ত্রোপচারের পরও সুস্থ হননি, ট্রাইব্যুনালে জবানবন্দি জুলাই যোদ্ধা শাকিলের
গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা আরেকটি মামলায় রোববার জবানবন্দি দিয়েছেন আন্দোলনকারী মো. জাকির হোসেন।
আজিমপুরের বাসিন্দা জাকির বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই বেলা তিনটার দিকে তিনি আজিমপুর মেয়র হানিফ জামে মসজিদের সামনে গিয়ে দেখেন, আন্দোলনকারী ছাত্রদের ওপর গুলি বর্ষণ করছে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও হেলমেট বাহিনী। তিনি জীবন বাঁচাতে ভিকারুননিসা নূন স্কুলের বিপরীতে নির্মাণাধীন ভবনের তিনতলায় আশ্রয় নেন। সেখান থেকে দক্ষিণ দিকে একটি গলির ভেতরে দেখতে পান হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম, ইরফান সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সন্ত্রাসীরা অবস্থান করছে। তারা সবাই সাবেক মন্ত্রী কামরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী। তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। তারা পুলিশের সঙ্গে থেকে গুলি করছিল।
কামরুল ইসলামের পেটোয়া বাহিনীর গুলিতে আশরাফুল, খালেদ সাইফুল্লাহসহ অনেকে গুরুতর আহত হন উল্লেখ করে জাকির হোসেন বলেন, এক পর্যায়ে তাঁর ছেলের বন্ধু খালেদ সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তাঁর ছেলে ইফতিকে ঢাকা মেডিকেল থেকে ছাত্রলীগের ছেলেরা তুলে নিয়ে নির্মম নির্যাতন করে। রাত ১১টার দিকে ইফতিকে তাঁর দুই বন্ধু বাসায় দিয়ে যায়।
এই মামলার আসামি মেনন ও কামরুলকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
